বার্তা সংস্থা আবনা : ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, ইরান কোনো আগ্রাসনের মোকাবেলায় পিছু হটবে না। কারো ওপর আগ্রাসন চালানোর ইচ্ছেও ইরানের নেই বলে তিনি জানান। ইরানের উত্তর খোরাসান প্রদেশের বোজনুর্দ শহরের সামরিক ঘাঁটিতে এক সেনা সমাবেশে তিনি আজ (শুক্রবার ) এ সব কথা বলেছেন।
আয়াতুল্লাহ খামেনেয়ি আরো বলেছেন, অস্ত্র বিক্রি এবং পুঁজিবাদীদের সংশ্লিষ্ট সামরিক শিল্পকে সমৃদ্ধ করতেই সাম্রাজ্যবাদীরা যুদ্ধ বাঁধাতে চায়। জনগণ এবং সশস্ত্র বাহিনীর প্রস্তুতিই কেবল তাদেরকে যুদ্ধাকাঙ্ক্ষা বাস্তবায়ন থেকে বিরত রাখতে পারে বলে তিনি জানান।
আয়াতুল্লাহ খামেনেয়ি আরো বলেন, ইরানি জাতি বিশেষকরে তরুণরা এখন শত্রুদের মোকাবেলায় অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি প্রস্তুত এবং সশস্ত্র বাহিনীও আরো বেশি প্রস্তুতি গ্রহণ করেছে। সশস্ত্র বাহিনীর সক্ষমতাও অনেক বেড়েছে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীর প্রস্তুতি শত্রুদের মনে এমন শংকার সৃষ্টি করেছে যে, তারা ইরানে আগ্রাসন চালানোর চিন্তাও মাথায় আনতে পারছে না।
এর আগে ওই সমাবেশে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি সশস্ত্র বাহিনীর সক্ষমতা জোরদার সংক্রান্ত একটি প্রতিবেদন তুলে ধরেন। তিনি বলেছেন, ইরান শত্রুদের ততপরতা পর্যবেক্ষণে রেখেছে।
তেহরান রেডিও